পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫
টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বোদা পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট পেশ করেন বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।
ঘোষিত বাজেটে আয় ও ব্যয়ের খাতগুলো সমান রেখে ভারসাম্যপূর্ণ হিসাব তুলে ধরা হয়েছে। বাজেটের মোট আকার ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা। এছাড়া উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও বরাদ্দ) ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিক সেবা নিশ্চিত করতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা, সুপেয় পানি সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও স্ট্রিট লাইট স্থাপনসহ জনকল্যাণমূলক কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর, বোদা পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী দীপঙ্কর রায়, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসদুল্লাহ আসাদ, বিশিষ্ট নাগরিক হুমায়ুন কবির লায়ন এবং বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাবলুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসআর