[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

কটিয়াদী পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ১১:৪৬ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২৪ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

রাজস্ব ও উন্নয়ন—দুই তহবিলের সমন্বয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

এতে নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।

বাজেটের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জন্য মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৭ হাজার ৮৭৫ টাকা ৩৬ পয়সা।

রাজস্ব খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৩৯৮ টাকা ৬৫ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ২৯০ টাকা।

ফলে এ খাতে উদ্বৃত্ত থাকবে ২ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ১০৮ টাকা ৬৫ পয়সা।

অন্যদিকে উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৬ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ৭৬৬ টাকা ৭১ পয়সা।

এ খাতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ২০ লাখ টাকা। এতে উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে ২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭৬৬ টাকা ৭১ পয়সা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বাজেট বাস্তবায়নের মাধ্যমে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধি করা হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন কোনো কর আরোপ ছাড়াই বাজেট ঘোষণা করায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মদ, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সংবাদকর্মীরা।

 

এসআর

সম্পর্কিত খবর