সুন্দরবনের প্রাকৃতিক পুনর্জন্ম সংরক্ষণ এবং নদী-চরে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ‘লং মার্চ ফর ফরেস্ট’ কর্মসূচি।
মঙ্গলবার (৩০ জুন) গ্রীন কোয়ালিশন ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে, বারসিক ও অ্যাগ্রোইকোলজি ফান্ডের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
নীলডুমুর জেলা পরিষদ ডাকবাংলো এলাকা থেকে শুরু হওয়া লং মার্চটি বুড়িগোয়ালিনী বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের কাছে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাবলয়। নদীর জোয়ারে ভেসে আসা বনজ বীজ থেকেই নতুন ম্যানগ্রোভ বন গড়ে ওঠে। এসব বীজ নির্বিচারে সংগ্রহ করা হলে বনাঞ্চলের স্বাভাবিক বিস্তার ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
স্মারকলিপিতে সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধ, বন টহল জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং বন সংরক্ষণে স্থানীয় জনগণ ও তরুণদের সম্পৃক্ত করার দাবি জানানো হয়।
প্রতিনিধি দলটি সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. মশিউর রহমান এবং পরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।
কর্মসূচিতে গ্রীন কোয়ালিশন সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বনজীবী নারী প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
এসআর