[email protected] মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩

বদরগঞ্জে দুই দিনে সাত মরদেহ উদ্ধার, বিভিন্ন ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ১০:৩৭ পিএম

সংগৃহীত ছবি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত ৪৮ ঘণ্টায় পৃথক ঘটনায় এক নারী ও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তথ্যে জানা গেছে, এসব মৃত্যুর পেছনে আত্মহত্যা, বজ্রপাত, পানিতে ডুবে যাওয়া, সড়ক দুর্ঘটনা এবং একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে তিনজন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদের মৃত্যু হয়েছে বজ্রপাত, পানিতে ডুবে যাওয়া ও সড়ক দুর্ঘটনায়। এছাড়া একজনের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

 

সোমবার ভোরে উপজেলার দিলালপুর ডাঙ্গাপাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফেরদৌস আলী (২২) মারা যান। একই দিন সকালে পৌরসভার হাসপাতালপাড়া এলাকা থেকে নিলয় কুণ্ডু (১৭)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ বটতলা সংলগ্ন ধানক্ষেত থেকে জাহিদুল ইসলাম (৫৫)-এর মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে রোববার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে হৃদয় বাবু (৩১) এবং নাটারাম এলাকা থেকে শাহনাজ পারভীন (৪০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

একই দিনে লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে আদিবাসী তরুণী অরপিটা টুডু (১৯)-এর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রাধানগর ইউনিয়নের লালদীঘি-টেকসেরহাট মহাসড়কের ধাপপাড়া এলাকায় সড়কের পাশ থেকে সালেক উদ্দিন নাঈম (১৪)-এর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, প্রতিটি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পৃথকভাবে তদন্ত চলছে।

এসআর

সম্পর্কিত খবর