[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ১২:২২ এএম

সংগৃহীত ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে।

এর মধ্যে দুধকুমার নদীর পানি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলার কয়েকটি নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে।

 

রোববার (২৮ জুন) পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দুধকুমার নদীর পানির উচ্চতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা আরও বেড়েছে।

 

নদীর পানি বৃদ্ধির কারণে ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া ও চর বলদিয়া এবং নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর, বালাবাড়ি, লুছনি ও ফান্দারচরসহ কয়েকটি নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে চলে গেছে। যদিও এখন পর্যন্ত অধিকাংশ বসতবাড়িতে পানি প্রবেশ করেনি, তবে বাড়িঘরের চারপাশে পানি জমে যাওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের পর থেকেই দুধকুমার নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। এর প্রভাবে কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এদিকে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানিও ধীরে ধীরে বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এ সময় কয়েকটি নদীর পানি সতর্কসীমা বা বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানের ঢলের কারণে দুধকুমার নদীর পানি দ্রুত বেড়েছে। অন্যান্য নদীর পানিও ঊর্ধ্বমুখী রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর