[email protected] বৃহঃস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ২:১২ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মেধা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা জোরদার করতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলার বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী সমাবেশগুলো অনুষ্ঠিত হয়।

সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

তিনি বলেন, শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বিত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার যৌথ প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

অন্যদিকে, আইডিয়াল হাই স্কুলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

পাশাপাশি বিদ্যালয় ও পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

এছাড়া হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আরকে স্টেট স্কুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

এ ধরনের আয়োজন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এসআর

সম্পর্কিত খবর