দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সহপাঠীদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পৌর শহরের জিএম পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবির চন্দ্র রায় বিপ্লব (১৫) উপজেলার আলাদিপুর ইউনিয়নের গোকুল শেনোড়া গ্রামের বাসিন্দা এবং জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা বিজন চন্দ্র রায় পেশায় ভ্যানচালক।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, টিফিনের সময় কয়েকজন সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের পুকুরে নামে আবির। একপর্যায়ে শিক্ষার্থীরা সাঁতারের প্রতিযোগিতা শুরু করলে সবাই অপর প্রান্তে পৌঁছালেও আবিরকে আর দেখা যায়নি। পরে সহপাঠীরা তার ব্যবহৃত সাইকেল, স্কুলব্যাগ ও অন্যান্য জিনিসপত্র পুকুরপাড়ে দেখতে পেয়ে বিষয়টি শিক্ষকদের জানায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও তাকে খুঁজে পাওয়া না গেলে বিশেষায়িত ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে ডুবুরি দল পৌঁছানোর আগেই স্থানীয় দুই ব্যক্তি পুকুরে নেমে সন্ধ্যার দিকে আবিরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমির চন্দ্র প্রামাণিক জানান, একটি জানাজায় অংশ নিতে বেশ কয়েকজন শিক্ষক বিদ্যালয়ের বাইরে ছিলেন। সেই সুযোগে কিছু শিক্ষার্থী পুকুরে নামলে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পুকুরটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসআর