কুমিল্লার চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া বিদেশি মুদ্রাসহ একটি মানিব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির স্থাপন করেছেন এক কলা ব্যবসায়ী।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার গুনবতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী মো. আরমান হোসেন বাজারে আসার সময় অসাবধানতাবশত তার মানিব্যাগটি হারিয়ে ফেলেন।
মানিব্যাগে প্রায় ৩২০০ সৌদি রিয়ালসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য লক্ষাধিক টাকার সমপরিমাণ।
পরে বাজারে কলা বিক্রি করা আলী আক্কাস নামের এক ব্যক্তি মানিব্যাগটি খুঁজে পান।
ব্যক্তিগতভাবে রেখে না দিয়ে তিনি দ্রুত বিষয়টি গুনবতী বাজার পরিচালনা কমিটির সদস্যদের জানান।
খবর পেয়ে বাজার পরিচালনা কমিটি এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মানিব্যাগের মালিককে শনাক্ত করে।
যাচাই-বাছাই শেষে মানিব্যাগে থাকা সব অর্থ ও অন্যান্য সামগ্রী অক্ষত অবস্থায় প্রবাসী আরমান হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বাজার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক কাজী রেজাউলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক অলি আহমেদ ভেন্ডার বলেন, সিসিটিভি ফুটেজ ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে শনাক্ত করা হয়েছে।
পরে মানিব্যাগে থাকা নগদ অর্থসহ সবকিছু তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এদিকে, বিপুল পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও তা ফেরত দেওয়ার ঘটনায় কলা ব্যবসায়ী আলী আক্কাসের সততার ভূয়সী প্রশংসা করছেন স্থানীয়রা।
অনেকেই তার এই কাজকে সমাজে নৈতিকতা ও সততার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
এসআর