[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের শনাক্তে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ১১:২৮ এএম

সংগৃহীত ছবি

নোয়াখালী জেলা শহরে জুলাই গণআন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত একটি স্মারকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে।


জানা গেছে, শনিবার (১৩ জুন) ভোররাতের কোনো এক সময়ে জেলা শহরের জজ আদালত সড়ক এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মধ্যবর্তী স্থানে নির্মিত জুলাই স্মারকে আগুন দেওয়া হয়। দিনের বেলায় বিষয়টি তেমনভাবে নজরে না এলেও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি আলোচনায় আসে।


স্থানীয়দের ভাষ্যমতে, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে কয়েকজন যুবককে স্মারকের আশপাশে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দিতে দেখা যায়। অগ্নিকাণ্ডের ফলে স্মারকের নিচের অংশের কিছু ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


ভিডিওতে কয়েকজনকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা গেছে। তবে ভিডিওর সত্যতা এবং এতে থাকা ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে প্রথমে থানায় কোনো অভিযোগ বা তথ্য আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।


তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে আগুনের কারণে স্মারকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ডিং এবং অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি

এসআর

সম্পর্কিত খবর