কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে রামু উপজেলার সোনারপাড়া এলাকার রেজু খাল সেতুর পাশের প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা এবং মোহাম্মদ ইকবালের ছেলে। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সৈকতের নৌবাহিনীর জেটি সংলগ্ন এলাকায় বন্ধু আরমানের সঙ্গে সাগরে নামেন সায়েম। একপর্যায়ে প্রবল স্রোতের কবলে পড়ে তিনি তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরমানও বিপদে পড়লেও পরে স্থানীয় লোকজন ও লাইফগার্ড সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করেন।
নিখোঁজের পর কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও শনিবার তার কোনো সন্ধান মেলেনি। পরে রোববার সকালে রেজু খালের মোহনার প্যারাবনে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দিলে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার পর সমুদ্রসৈকতে ভ্রমণকারীদের নিরাপত্তার বিষয়ে নতুন করে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা, নির্ধারিত নিরাপদ জোন ছাড়া অন্য কোথাও সাগরে না নামা এবং লাল পতাকা টানানো এলাকায় প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভাটার সময়ও অতিরিক্ত গভীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এসআর