নেত্রকোনার পূর্বধলায় পুলিশের পৃথক অভিযানে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
একই অভিযানে ২৮ পিস ইয়াবাসহ অপর এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ জুন) ভোররাতে পূর্বধলা বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করে পূর্বধলা থানা পুলিশ। অভিযানটি এসআই রাশেদ হাসানের নেতৃত্বে পরিচালিত হয়।
এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বাজারের বিসমিল্লাহ খাবার হোটেলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন জাহাঙ্গীর আলম (২২)। তাকে তল্লাশি করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জাহাঙ্গীর উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় একটি বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভি ক্ষমতার ট্রান্সফরমার খুলে পিকআপে তোলার সময় কাউসার (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
তবে তার সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। আটক কাউসারের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামে।
এ ঘটনায় পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, কাউসারের সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক ও চুরি প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তার হওয়া দুই আসামিকেই মামলা দায়েরের পর রোববার আদালতে পাঠানো হয়েছে।
এসআর