[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

কেন্দুয়ায় তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৭:১৩ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, ঘনঘন লোডশেডিং এবং লো-ভোল্টেজ সমস্যার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর করেছেন।

রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে।

সমস্যার সমাধানে বারবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কিছু গ্রাহক ক্ষোভ প্রকাশ করতে জোনাল অফিসে যান।

একপর্যায়ে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী কেন্দুয়া উপজেলার জনসংখ্যা প্রায় ৩ লাখ ১৬ হাজার ৯৭৬ জন।

এ উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহক প্রায় ৯৪ হাজার। বর্তমানে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৭ মেগাওয়াট।

জানা গেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কেন্দুয়ায় মোট ১২টি ফিডার সচল রয়েছে।

এর মধ্যে কেন্দুয়া এলাকায় ৮টি এবং রামপুর এলাকায় ৪টি।

যদিও নথিতে ১৩টি ফিডারের উল্লেখ রয়েছে, তবে একটি ফিডার দীর্ঘদিন ধরে অচল।

এছাড়া কেন্দুয়া এলাকার ৮টি ফিডারের মধ্যে বর্তমানে ৬টিই বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ময়মনসিংহ গ্রিড হয়ে নেত্রকোণা হয়ে কেন্দুয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

কয়েকজন বাসিন্দার দাবি, রোববার সকালে আর্জেন্টিনা-জর্ডান ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় মানুষের ক্ষোভ আরও তীব্র হয়। এরই জেরে জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, "আমাদের যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়, তার ভিত্তিতেই সরবরাহ করা হচ্ছে।

বরাদ্দের বাইরে অতিরিক্ত বিদ্যুৎ দেওয়ার সুযোগ নেই।"

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৌখিক তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর