[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

কটিয়াদীতে প্রবাসীকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

নিহত শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিরারপাড় এলাকায় শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত শফিকুল ইসলাম ঝিরারপাড় এলাকার রিয়াজ উদ্দিন মেস্তরির বাড়ির দুলা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঝিরারপাড় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায়, নিজ বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, একটি অটোরিকশার চালক সড়কের পাশে গোঙানির শব্দ শুনে থামেন।

পরে তিনি রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর