[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

চৌদ্দগ্রামে পদুয়া-গুণবতী সড়ক সংস্কার শুরু, অর্থায়নে স্থানীয় জামায়াত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন ২০২৬ ১:৪১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা পদুয়া-গুণবতী আঞ্চলিক সড়কের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয়দের চলাচল সহজ করতে আলকরা ও গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগ ও অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি এবং গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত পদুয়া-গুণবতী সড়কটি চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট ও ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।

দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সংস্কার পরিকল্পনার আওতায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে কংক্রিট ও বালু ব্যবহার করে রোলারের মাধ্যমে সমতল করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, কাজ সম্পন্ন হলে যান চলাচল স্বাভাবিক হবে এবং যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, আলকরা ইউনিয়ন সেক্রেটারি আবু নাছের, সহকারী সেক্রেটারি আবদুল হামিদ, আলকরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহমেদ মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় সিএনজি অটোরিকশাচালক আবু মিয়া বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন যানবাহন চালাতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।

সংস্কার কাজ শেষ হলে চালক ও যাত্রী—উভয়েই উপকৃত হবেন।

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি বলেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়েই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্রুত কাজ শেষ করে পথচারী ও যানবাহন চালকদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করার চেষ্টা করা হবে।

এসআর

সম্পর্কিত খবর