সম্প্রীতি, প্রাণ ও প্রকৃতি’ এই স্লোগানকে সামনে রেখে চার বছর সফলভাবে অতিক্রম করে পঞ্চম বছরে পদার্পণ করেছে কক্সবাজারভিত্তিক অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম রেডিও সৈকত।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি কক্সবাজারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ এবং রেডিওটির শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন এবং উখিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ অজিত দাশ।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান কাজল বলেন, তথ্যভিত্তিক অনুষ্ঠান, সচেতনতামূলক বার্তা ও সুস্থ বিনোদনের মাধ্যমে রেডিও সৈকত স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।
ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রেডিও সৈকতের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে এর আরও অগ্রগতি কামনা করেন।
রেডিও সৈকত কর্তৃপক্ষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলার পেছনে শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনই সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও জনস্বার্থে তথ্যভিত্তিক অনুষ্ঠান, সচেতনতামূলক কার্যক্রম এবং মানসম্মত বিনোদন প্রচারের মাধ্যমে মানুষের আরও কাছে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসআর