[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

কচুয়ায় গৃহবধূর মৃত্যু: স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ, গ্রেপ্তারের পর মানববন্ধন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১০:৪৪ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

নিহতের পরিবারের দাবি, স্বামীর কথিত পরকীয়ার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

 

নিহত মরিয়ম আক্তার (৩২) উপজেলার হাটমুড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. আলমগীর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে দাম্পত্য কলহের একপর্যায়ে মরিয়ম আক্তার গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

 

ঘটনার পর আলমগীর হোসেন এলাকা ছেড়ে আত্মগোপন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কচুয়া থানা পুলিশ শুক্রবার রাতে কুড়িগ্রামের সুনামুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন আলমগীরের কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগে শাহিনা আক্তার নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

গৃহবধূর মৃত্যুর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেলে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বাড়ৈয়ারা বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

 

মানববন্ধনে বিএনপি নেতা আলী আশ্রাফ মোল্লা, যুবদল নেতা আব্দুল হালিম, তাফাজ্জল হোসেন ও ব্যবসায়ী শরিফ হোসেন বক্তব্য দেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

 

কচুয়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর