[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

পাওনা টাকা নিয়ে বিরোধ: ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ, মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ৯:৫৫ পিএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্য ও তার স্বজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

নিহতের পরিবারের দাবি, হামলার পর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

 

শুক্রবার (২৬ জুন) ভোরে মুছাপুর ইউনিয়নের কুলচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালিব (৬৪) ওই এলাকার বাসিন্দা এবং মৃত আলফাজ উদ্দিন বেপারীর ছেলে।

 

পারিবারিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে সুতার ব্যবসার জন্য স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিনকে ১২ লাখ ১৩ হাজার টাকা দিয়েছিলেন আব্দুল মোতালিব। দীর্ঘদিনেও টাকা ফেরত না পাওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য গত ১২ জুন একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন দায়িত্ব নেন বলে পরিবারের দাবি।

 

নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার সকালে পাওনা টাকার অগ্রগতি জানতে আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ইউপি সদস্য তাকে ধাক্কা ও মারধর করলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর পুলিশ ব্যবসায়ী মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তৈয়বুর রহমান।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

 

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেনের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এসআর

সম্পর্কিত খবর