কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সায়েম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা এবং মো. ইকবালের ছেলে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের পর্যটন সেল সূত্রে জানা যায়, সায়েম তার বন্ধু আরমানের সঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা প্রবল ঢেউয়ের কবলে পড়েন। সায়েমকে উদ্ধার করতে গিয়ে আরমানও বিপদে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও বিচকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আরমানকে উদ্ধার করেন। তবে সায়েমকে স্রোত ভাসিয়ে নিয়ে যায়।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রসৈকতে দুর্ঘটনা এড়াতে লাইফগার্ড ও উদ্ধারকারী দল মোতায়েন, বিপজ্জনক এলাকা লাল পতাকা দিয়ে চিহ্নিতকরণ এবং মাইকিংয়ের মাধ্যমে নিয়মিত সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। তবুও অনেক পর্যটক সতর্কবার্তা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ এলাকায় নামায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
এসআর