[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

শ্রী রামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ১০:৫৬ পিএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রী রামচন্দ্রকে অবমাননার অভিযোগের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাগো হিন্দু পরিষদ।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় নগরীর চেরাগি পাহাড় মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাগো হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের পূজনীয় দেবতা শ্রী রামচন্দ্রকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা অবমাননাকর মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, কোনো ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বক্তব্য দেওয়া কিংবা প্রচার চালানো সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে।

তাই ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় সব ধর্মের প্রতি সম্মান, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা, লিটু সূত্রধর, লিপন কান্তি সিংহ, হিরু সুশীল, সুমন দে, অরূপ দাস রুবেল, শ্যামল ঘোষ, শ্যামল দাশ, লিমন দাস, শুভ রাধিকা, দেবানন ভট্টাচার্য, দেবী পরিষদের জয়শ্রী শীল, পূজা দাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে সংগঠনের নেতারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

একই সঙ্গে ধর্মীয় অবমাননামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

এসআর

সম্পর্কিত খবর