[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা মর্তুজা আল কামালকে সংবর্ধনা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন ২০২৬ ১১:১২ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মর্তুজা আল কামাল (মুস্তাক)-কে সংবর্ধনা দিয়েছে স্থানীয় যুবদল।

রোববার বিকেলে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন কটিয়াদী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ওমর জাকির ভুঁইয়া বাবুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মর্তুজা আল কামাল।

তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে যুবদল অতীত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

মর্তুজা আল কামাল বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীদের শক্তিকে কাজে লাগিয়ে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে দলীয় নেতাকর্মীদের অব্যাহত ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বক্তারা সংবর্ধিত অতিথির রাজনৈতিক ও পেশাগত অবদানের কথা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

পাশাপাশি আইন পেশায় দক্ষতা ও সততার মাধ্যমে তিনি একটি স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন।

বর্তমানে অ্যাডভোকেট মর্তুজা আল কামাল যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি মহানগর দায়রা জজ আদালত বিশেষ-৬ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত নেতাকর্মীরা তার রাজনৈতিক ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন।

এসআর

সম্পর্কিত খবর