ঝালকাঠির রাজাপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, কৃষক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শ্রেণির কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। এর অংশ হিসেবে খরিপ-২ মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এক হাজারের বেশি কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
এছাড়া এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে উন্নত জাতের আমন ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়। একইসঙ্গে শত শত কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার সহায়তাও প্রদান করা হয়েছে।
লেবুর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নির্বাচিত কৃষকদের মধ্যে লেবুর চারা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয় বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি শুধু উৎপাদন বাড়াতেই নয়, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এসআর