[email protected] বুধবার, ২৪ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

শ্যামনগরে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ১০:২৭ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া ও বনবিবিতলা এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট, বসতভিটা ও কৃষিজমি পানির নিচে থাকায় স্থানীয়দের নানামুখী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর ফলে সৃষ্ট দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ গাজী। তিনি সমস্যার গুরুত্ব স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সদস্য মাহাতাব উদ্দীন সরদার এবং সংরক্ষিত নারী সদস্য মাসুরা খাতুন ও ফাতেমা বেগম। তারাও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

আব্দুল আজিজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম গাজী, সহ-সভাপতি গাজী দিদারুল ইসলাম, শহর আলী সরদার, আব্দুর রউফ, রিয়াজুল ইসলাম, ময়না খাতুন, নাজমুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এসআর

সম্পর্কিত খবর