[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

কচুয়া বিশ্বরোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, উন্নত ড্রেনেজ ব্যবস্থার দাবি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ১০:১৫ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র বিশ্বরোড এলাকায় অপর্যাপ্ত ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

এতে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ প্রতিদিন চলাচলকারী অসংখ্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্বরোড সংলগ্ন ড্রেনগুলো প্রয়োজনের তুলনায় অত্যন্ত সরু হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ড্রেনের ভেতরে ময়লা-আবর্জনা ও পলিথিন জমে থাকায় পানি প্রবাহ আরও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়।

 

এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন, জলাবদ্ধতার কারণে প্রায়ই দোকানে পানি ঢুকে মালামালের ক্ষতি হয়। অনেক সময় বৃষ্টির দিনে ব্যবসা পরিচালনাও কঠিন হয়ে পড়ে। তাদের মতে, আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান সম্ভব।

 

সরেজমিনে আরও দেখা গেছে, বিশ্বরোডের কয়েকটি ফাঁকা স্থানে অনিয়ন্ত্রিতভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে এসব আবর্জনা ড্রেনে গিয়ে জমা হচ্ছে, যা জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে কাজ করছে।

 

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অভাব এবং ড্রেন রক্ষণাবেক্ষণে যথাযথ নজরদারি না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

 

এ অবস্থায় স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন করে বিজ্ঞানসম্মত ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন ও নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

 

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে বিশ্বরোড এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবে।

এসআর

সম্পর্কিত খবর