পঞ্চগড় সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলার টুনিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মাহবুব আলম। এদিকে আরও দুটি দোকানে অবৈধ জাল পাওয়া গেলেও অভিযানের খবর পেয়ে দোকান মালিকরা সরে পড়েন।
ফলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে দোকানে মজুত থাকা জালগুলো জব্দ করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা হিমেল চন্দ্র রায় এবং পুলিশ সদস্যরা অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, কারেন্ট জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ পরিবেশের ক্ষতি হয়। তাই এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চালানো হচ্ছে।
এসআর