[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন ডিসি, বন্দি কল্যাণে দিলেন নির্দেশনা

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ জেলা কারাগারের সামগ্রিক পরিবেশ, বন্দিদের জীবনযাত্রা ও সেবার মান পর্যবেক্ষণে কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

সোমবার (২২ জুন) তিনি জেলা কারাগারে গিয়ে বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কারাগারে পৌঁছালে জেলা প্রশাসককে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।

পরে তিনি কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বন্দিদের আবাসন, স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ ও পুনর্বাসনমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় তিনি রান্নাঘর পরিদর্শন করে খাদ্যের গুণগত মান ও পরিচ্ছন্নতা যাচাই করেন।

পাশাপাশি বন্দিদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার বিষয়গুলো শোনেন।

জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বন্দিদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং কারা ক্যান্টিনে বিক্রিত পণ্যের মূল্য ও মানের বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

এ ছাড়া অসুস্থ বন্দিদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বজায় রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে কারাগারে মানবিক ও সংশোধনমূলক পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

তিনি বলেন, বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা এবং তাদের সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তুলতে কারা প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পরিদর্শন শেষে তিনি কারা কর্তৃপক্ষকে পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, কারাগার শুধু শাস্তি কার্যকরের স্থান নয়; বরং একজন মানুষকে সংশোধনের মাধ্যমে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

কারাগার পরিদর্শনের সময় জেলা প্রশাসন ও কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর