গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রশিবিরের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ বারী (৩২) বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি উপজেলার শিমুলতাইড় গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেলে বোনারপাড়ার দক্ষিণ গেট এলাকায় সাইফুল্লাহ বারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার তদন্ত কর্মকর্তা পবিত্র কুমার জানান, ঘটনার সঙ্গে কয়েকজনের নাম উঠে এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
অভিযোগে নাম আসা বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফেরদাউস সরকার রুম্মন গভীর শোক প্রকাশ করে বলেন, সাইফুল্লাহ বারী সংগঠনের একজন দায়িত্বশীল নেতা ছিলেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এসআর