চাঁদপুরের কচুয়া উপজেলায় অবস্থিত পুরনো কোর্ট ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত সরকারি এই স্থাপনাটি বছরের পর বছর কোনো কাজে ব্যবহার না হওয়ায় ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ভবনটির আশপাশ এখন অনেকটাই ময়লা-আবর্জনা ফেলার স্থানে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভবনের চারপাশে জমে থাকা বর্জ্য পরিবেশের সৌন্দর্য নষ্ট করছে। ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
জানালা-দরজার অনেক অংশ ভাঙা এবং দেয়ালে শ্যাওলা জমে জরাজীর্ণ অবস্থা তৈরি হয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি সম্পদটি ধ্বংসের ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর মতে, ভবনটি ফেলে না রেখে জনসেবামূলক কাজে ব্যবহার করা হলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
তারা এখানে একটি পাবলিক লাইব্রেরি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কমিউনিটি সেবা কেন্দ্র অথবা অন্য কোনো সরকারি সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দিয়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, পরিত্যক্ত অবস্থায় রেখে ভবনটির অপচয় না করে দ্রুত পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে সরকারি সম্পদ জনগণের কল্যাণে কাজে লাগে।
এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এসআর