বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে দেওয়া বক্তব্যের কারণে দায়ের হওয়া মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
আদালত সূত্রে জানা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি গ্রহণ করে আদালত তাকে নির্দিষ্ট তারিখে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন।
কিন্তু নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতেও আদালতে অনুপস্থিত থাকায় গত ১৭ মে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় রোববার তিনি আদালতে হাজির হয়ে আইনি প্রক্রিয়ায় অংশ নেন। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
এসআর