প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ধাপে ধাপে ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
একই সঙ্গে কৃষক ও লবণচাষীরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপণ্যের দামে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বিভিন্ন মহল থেকে বাজেটকে জনবান্ধব হিসেবে মূল্যায়ন করা হলেও বিরোধী রাজনৈতিক শক্তি এর বিরোধিতা করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কিডনি ডায়ালাইসিস, হৃদরোগের চিকিৎসা, বাইপাস সার্জারি এবং চোখের চিকিৎসাসংশ্লিষ্ট কিছু প্রয়োজনীয় সামগ্রীর ওপর কর ছাড় বা কর হ্রাসের ব্যবস্থা রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, নিম্ন ও মধ্যআয়ের পরিবারের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রমও জোরদার করা হবে। আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে প্রায় ৪০ লাখ পরিবার ও কৃষকের কাছে এসব কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
জনসভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক।
এসআর