[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্যায় ফসলহানির পর নৌকা চুরি, চরম দুর্দশায় হাওরাঞ্চলের কৃষক পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ৭:০৬ পিএম

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলার এক কৃষক পরিবার প্রাকৃতিক দুর্যোগ ও চুরির ঘটনায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে।

বন্যার পানিতে ফসলের ক্ষতি হওয়ার পর পরিবারের জীবিকার প্রধান অবলম্বন মাছ ধরার নৌকাটিও চুরি হয়ে যাওয়ায় তারা এখন অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে।

 

স্থানীয় ইউনিয়নের নাচনি চন্ডীপুর গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী জানান, চলতি মৌসুমে তিনি ১১ কেয়ার জমিতে ধান আবাদ করেছিলেন। তবে অতিবৃষ্টি ও পানিবন্দি পরিস্থিতির কারণে সব ফসল ঘরে তুলতে পারেননি। মাত্র ৫ কেয়ার জমির ধান সংগ্রহ করা সম্ভব হলেও বাকি অংশের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আর্থিক সংকটের কারণে কিছু জমি বন্ধক রাখতেও বাধ্য হয়েছেন তিনি।

 

তার ভাষ্য, ফসলের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছিল। এমন সময় মাছ ধরার একমাত্র নৌকাটি চুরি হয়ে যাওয়ায় পরিবারের আয়ের সম্ভাব্য উৎসও বন্ধ হয়ে গেছে। নৌকার ওপর নির্ভর করেই দুই ভাই সংসার চালানোর পরিকল্পনা করেছিলেন।

 

স্থানীয়দের মতে, পরিবারটিতে প্রায় ১১ জন সদস্য রয়েছেন। যৌথ পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বৃদ্ধ মা-বাবা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানরা। কৃষিকাজ এবং মাছ ধরা থেকেই তাদের প্রধান উপার্জন হতো।

 

হাওরাঞ্চলে এবারের প্রাকৃতিক দুর্যোগে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে মাছ ধরা ছিল বিকল্প আয়ের একটি পথ। কিন্তু নৌকা হারিয়ে যাওয়ায় গোলাম রব্বানীর পরিবারের সংকট আরও গভীর হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

 

স্থানীয় বাসিন্দারা জানান, হাওর অঞ্চলে নৌকা শুধু চলাচলের মাধ্যম নয়, বরং বহু পরিবারের জীবিকা অর্জনের অন্যতম প্রধান উপকরণ। তাই ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।

 

এ ছাড়া চুরি হওয়া নৌকাটি দ্রুত উদ্ধার এবং পরিবারটির জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

এসআর

সম্পর্কিত খবর