[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাহিমা হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল, তিনজনকে আসামি করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৬ ৮:৩০ পিএম

সংগৃহীত ছবি

সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যা মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

ঘটনার ৩৩ দিনের মাথায় দাখিল করা এই চার্জশিটে প্রধান অভিযুক্ত জাকির হোসেনের পাশাপাশি তার দুই ভাইয়ের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার সুপারিশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ২১ জন সাক্ষীর নাম এবং মামলার গুরুত্বপূর্ণ আলামত সংযুক্ত করা হয়েছে।


তদন্তে উঠে এসেছে, গত ৬ মে নিখোঁজ হওয়ার দুই দিন পর একটি জলাশয়ের পাশ থেকে চার বছরের ফাহিমার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া বক্তব্যের ভিত্তিতে মামলার তদন্ত এগিয়ে নেওয়া হয়।


পুলিশের দাবি, প্রধান আসামির দুই ভাই মরদেহ গোপন করার কাজে সহযোগিতা করেছেন বলে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদেরও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তারা এখনো পলাতক রয়েছেন।


পুলিশ কর্মকর্তারা জানান, মামলার তদন্ত সম্পন্ন করতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন সংগ্রহ এবং ঈদ উপলক্ষে সরকারি ছুটির কারণে কিছুটা সময় লেগেছে।

প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও সাক্ষ্যপ্রমাণ হাতে পাওয়ার পর আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
শিশু ফাহিমার মৃত্যুর ঘটনা সিলেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার দাবি করে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলাটি দ্রুত বিচারিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর