সুন্দরবনের মোংলা উপকূলীয় এলাকায় অবস্থিত একটি কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মোংলা থানার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিরাপত্তা জোরদার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করা হয়েছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনভিত্তিক অপরাধী চক্র ও তাদের সহযোগীদের কার্যক্রমের জন্য আলোচিত। ওই এলাকায় কোস্টগার্ডের স্থায়ী উপস্থিতির ফলে অবৈধ কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন বাধা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিছু দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে স্টেশনটিতে হামলা চালিয়েছে বলে তাদের ধারণা।
সংস্থাটি আরও দাবি করেছে, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। হামলার ঘটনাটিও সেই পরিকল্পনার অংশ হতে পারে বলে তারা মনে করছে।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে দস্যুতা, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসআর