[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভালো ফলনেও হতাশ শার্শার আমচাষিরা, মিলছে না কাঙ্ক্ষিত দাম

ইমরান হোসেন হৃদয়, শার্শা ( যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ১২:৫৭ এএম

সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা আম বাজারে চলতি মৌসুমে আমের উৎপাদন সন্তোষজনক হলেও দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

পর্যাপ্ত ফলন সত্ত্বেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক চাষি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় অধিকাংশ বাগানে আমের ফলন ভালো হয়েছে।

কিন্তু বাজারে আমের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম প্রত্যাশার তুলনায় অনেক কমে গেছে। ফলে কৃষকদের লাভ তো দূরের কথা, অনেক ক্ষেত্রে উৎপাদন ব্যয়ও উঠছে না।

আমচাষিদের ভাষ্য, বাগান পরিচর্যা, সেচ, সার, কীটনাশক এবং শ্রমিক খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়েছে।

অনেকেই ধার বা বাকিতে কৃষি উপকরণ সংগ্রহ করেছেন। বর্তমানে কম দামে আম বিক্রি করতে বাধ্য হওয়ায় সেই দেনা পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।

বাগুড়ী এলাকার কয়েকজন বাগান মালিক জানান, বাজারে আমের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পাইকাররা কম দামে আম কিনছেন।

এতে কৃষকদের মধ্যে হতাশা বাড়ছে। তারা আশঙ্কা করছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মৌসুমে অনেকেই আমচাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি আম বাজার হিসেবে পরিচিত বাগুড়ী বেলতলা বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ আম বেচাকেনা হলেও বর্তমান মূল্য পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদকরাই।

এ অবস্থায় কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো, হিমাগার ও সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং আমের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তাদের মতে, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে কৃষকরা লোকসান থেকে রক্ষা পাবেন এবং আমচাষে আগ্রহ বজায় থাকবে।

এসআর

সম্পর্কিত খবর