কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি বাস ও যাত্রীবাহী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার দুপুরের দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের তালবাড়িয়া হাইস্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জিয়া নামে পরিচিত। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন এবং তার বাড়ি ময়মনসিংহে।
স্থানীয় সূত্র জানায়, প্রশিক্ষণরত সেনা রিক্রুটদের নিয়ে একটি বাস বগুড়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাসটির সরাসরি সংঘর্ষ হলে উভয় যানবাহনের যাত্রীরা হতাহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আহত সেনাসদস্যদের ভাষ্য অনুযায়ী, তারা ঈদুল আজহার ছুটি শেষে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। বাসটিতে ৪২ জন প্রশিক্ষণরত রিক্রুট ছিলেন এবং দুর্ঘটনায় তাদের অধিকাংশই বিভিন্ন মাত্রায় আহত হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সেনাসদস্যদের মধ্যে অন্তত ১০ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দীন। তিনি জানান, আহতদের মধ্যে বেশিরভাগই নতুন রিক্রুট এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআর