[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরাজদীখানে দম্পতির রহস্যজনক নিখোঁজ, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ৫:৫৪ পিএম

সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার চাইনপাড়া গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর এবার তার স্ত্রীও নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৯ মে আওলাদ হোসেন পাশের করারবাগ গ্রামে আলামিন নামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আনতে যান।

দীর্ঘ প্রায় দুই বছর ধরে ওই ব্যক্তির সঙ্গে ধারদেনা নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে। তবে ওই দিন যাওয়ার পর থেকে আওলাদ হোসেনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


স্বজনদের অভিযোগ, স্বামীর নিখোঁজের ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে ১৮ মে আওলাদের স্ত্রী মুন্সিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।

কিন্তু রহস্যজনকভাবে ওই দিন রাত থেকেই তিনিও নিখোঁজ রয়েছেন।
স্থানীয়দের দাবি, নিখোঁজ ওই দম্পতির কোনো সন্তান নেই। ফলে তাদের অনুপস্থিতিতে সম্পত্তির মালিকানা নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

বিষয়টি ঘিরে জনমনে উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে।


এ ঘটনায় সিরাজদীখান থানার এসআই সাইয়ুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং মানিক নামের এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।


এছাড়া অভিযোগে বলা হয়, নিখোঁজ হওয়ার আগে রানী বেগমের বাসায় গিয়ে দরজা বন্ধ করে তাকে এককভাবে জিজ্ঞাসাবাদ করেন এসআই সাইয়ুল ইসলাম।

একই সঙ্গে মানিকের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

ইতোমধ্যে এসআই সাইয়ুল ইসলামের কথোপকথনের একটি ভয়েজ রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে বলে জানা গেছে।


এ বিষয়ে জানতে চাইলে এসআই সাইয়ুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে বলে তিনি জানান। 

এসআর

সম্পর্কিত খবর