টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিএনপি নেতাসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে সিএনজিচালক আব্দুল হামিদ (৬৪) এবং কালিহাতী উপজেলার এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত রোস্তম আলী সরকারের ছেলে আব্দুর রশিদ (৫৬)।
নিহত আব্দুর রশিদ এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাজাবাড়ি এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দুইজনেরই মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি জব্দ করেছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর