[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদকাসক্ত ছেলের হামলায় বৃদ্ধ বাবা নিহত

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে ২০২৬ ১:২৭ এএম

ঘাতক পূত্র মিনার  (২৮)

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হামলায় খুন হয়েছেন খলিলুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ।

শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত খলিলুর রহমান শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনার (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় মিনার ধারালো অস্ত্র নিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে স্থানীয় লোকজন আহত খলিলুর রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা মিনারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযুক্ত মিনারের বিরুদ্ধে এর আগেও পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগে মামলা হয়েছিল এবং তিনি কারাভোগও করেছিলেন।

সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সহিংস ঘটনায় জড়ান।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর