কুমিল্লা বিভাগসহ জনগণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে এবং কুমিল্লা বিভাগ যদি জনগণের দীর্ঘদিনের দাবি হয়ে থাকে, তবে সেটিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এজন্য জনগণকে ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে বিপুলসংখ্যক কৃষক ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছেন। কৃষিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কৃষকদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির প্রসঙ্গ টেনে তারেক রহমান জানান, বিষয়টি নিয়ে তিনি শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং দ্রুত সময়ের মধ্যে সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করা হবে।
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে দেশের অর্থনীতি চাপে ছিল।
নানা অনিয়ম ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণই বিএনপির মূল শক্তি। দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসআর