কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৬ সালের বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়া, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ প্রমুখ।
এছাড়াও উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
কেউ যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চলতি মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে এবং হাওরাঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন প্রণোদনা ও ভর্তুকির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৪৭২ জন কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।
প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা। এ বছর মোট ১ হাজার ৪১৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এসআর