[email protected] রবিবার, ৩১ মে ২০২৬
১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মে ২০২৬ ১১:৪২ এএম

সংগৃহীত ছবি

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পৌরসভার প্রধান সড়কে স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, উপকূলীয় যুব উন্নয়ন সংস্থার পরিচালক জাহিদ হোসেন, ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির পরিচালক রুহুল আমীন, নিরাপদ উপকূল চাই-এর সভাপতি মোমিনুর রহমান, শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ প্রমুখ। 

বক্তারা অভিযোগ করেন, গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর থেকেই পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে বিদ্যুতের অনিয়মিত সরবরাহে জনজীবন ব্যাহত হচ্ছে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে বলে তারা দাবি করেন। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনা এবং হাসপাতালের সেবাকর্মও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়।

সমাবেশ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ও ভুল বিল প্রদান বন্ধ, বিদ্যুৎ অবকাঠামোর উন্নয়ন, গ্রাহকসেবায় হটলাইন চালু, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং বিদ্যুৎ সেবার মানোন্নয়ন। পাশাপাশি শ্যামনগর আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তার অপসারণের দাবিও জানান বক্তারা।

অন্যদিকে শ্যামনগর পল্লী বিদ্যুতের ডিজিএম জিয়াউল হক বলেন, এলাকায় প্রায় এক লাখ গ্রাহক থাকলেও চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ সীমিত।

এছাড়া দীর্ঘ বিদ্যুৎ লাইনে প্রাকৃতিক দুর্যোগ ও কারিগরি ত্রুটির কারণে মাঝে মাঝে সরবরাহে সমস্যা দেখা দেয়। তিনি জানান, শ্যামনগর ও কালিগঞ্জের মধ্যবর্তী স্থানে একটি নতুন গ্রিড উপকেন্দ্র স্থাপন করা গেলে বিদ্যমান সংকট অনেকাংশে কমে আসবে।

এসআর

সম্পর্কিত খবর