[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ইয়াবা ও ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৭:২৫ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

  • এসব অভিযানে ১০০ কেজি গাঁজা ও ৫ লাখ পিস ইয়াবা জব্দের পাশাপাশি চারজনকে আটক করা হয়েছে।

মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সদস্যরা বুধবার বিকেলে উখিয়ার জালিয়াপালং এলাকার মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় চট্টগ্রাম থেকে টেকনাফগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. এনামুল হক (২৬) এবং টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার জিয়াউর রহমানকে (২৫) আটক করা হয়।

ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম জানান, উদ্ধারকৃত মাদকের ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অন্যদিকে বৃহস্পতিবার ভোরে টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১৫। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়। তারা হলেন মন্ডু থানার ভুসিডং এলাকার মো. সাজেদ (৩২) এবং এনামুল হাসান (৩৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাবরাং খালের দক্ষিণ পাশে অবস্থান নিয়ে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ইয়াবার চালানসহ দুইজনকে আটক করা গেলেও তাদের সহযোগী আরও কয়েকজন পালিয়ে যায়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তপথে মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। 

এসআর

সম্পর্কিত খবর