নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় একটি বাসায় গ্যাস জমে আগুন লাগার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ভোরের দিকে মদনপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়ির নিচতলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন— আব্দুল মান্নান (৫০), সুলতানা (৩৫), সিয়াম (১৯), মিম (১৩) এবং হজরত আলী (৮)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং হজরত আলীর ৮ শতাংশ অংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিক তদন্তে ধারণা করছেন, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে কোনো উৎস থেকে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয় এবং অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এসআর