নাটোরে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১২) বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৬ বছর বয়সী এক মুদি
দোকানির বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ৩২ সপ্তাহের (৮ মাস) অন্তঃসত্ত্বা। এই ঘটনায় অভিযুক্ত দোকানি ওসমান পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুটির পরিবার সনাতন ধর্মাবলম্বী। তার বাবা দর্জির দোকানের দিনমজুর এবং মা গৃহকর্মী। পরিবারের কেউ শিক্ষিত না হলেও মেয়েকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন ছিল তাদের। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। বিদ্যালয়ের পাশেই অভিযুক্ত ওসমানের মুদি দোকান। সেখানে বিস্কুট, চকলেট ও নুডুলসের প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতর নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয়।
সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সন্দেহ হয়। তাঁর পরামর্শে গত ৯ জুন স্থানীয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরীক্ষা করানো হলে জানা যায় শিশুটি ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানির পর ভুক্তভোগীর বাবা নাটোর সদর থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ওসমানকে গ্রেফতার করে।
এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১০ জুন সকালে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিদ্যালয়ের শিক্ষিকা জানান, এই ঘটনার পর স্কুলের অন্য শিক্ষার্থীরাও মানসিকভাবে ভেঙে পড়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এসআর