সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ডুমুরিয়া খেয়াঘাটে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, খেয়াঘাটের বিভিন্ন স্থানে মাটি ধসে পড়েছে এবং নদীর স্রোতের কারণে ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এ ঘাট ব্যবহারকারী যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে বুড়িগোয়ালিনী অংশের খেয়াঘাট নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও স্থায়ীভাবে নতুন ঘাট নির্মাণ বা টেকসই ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী কয়রা উপজেলার অনেক মানুষও প্রতিনিয়ত দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।
গাবুরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, ডুমুরিয়া খেয়াঘাট দুই ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যার সমাধান না হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। বর্তমানে গাবুরা অংশেও ভাঙন শুরু হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ না নিলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ইয়ুথ প্লান বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী ইমাম হোসেন বলেন, প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘাট ব্যবহার করেন। বর্তমান অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
স্থানীয়দের মতে, জনদুর্ভোগ কমাতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে খেয়াঘাটটি দ্রুত সংস্কার অথবা স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা জরুরি।
এসআর