[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাবনায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু, মোট নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৩:৩৯ পিএম

সংগৃহীত ছবি

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার পর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।


মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। এর আগে সোমবার বিকেলে একই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছিল।


নিহতরা হলেন সদর উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ, নতুনপাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির এবং সাপু। স্থানীয় সূত্রে জানা যায়, তারা কেউই অভিযুক্ত পরিবারের সদস্য নন; অগ্নিকাণ্ডের সময় আশপাশে অবস্থান করছিলেন।


জানা গেছে, গত সপ্তাহে পদ্মা নদী থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মরদেহ দাফনের পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন দগ্ধ হন।


আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দগ্ধ তিনজনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।


উল্লেখ্য, সম্প্রতি পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন এলাকায় এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের হাতে আটক কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ রয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর