চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ এবং মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে, যা আগামী তিন থেকে চার দিনের মধ্যে সারা দেশে বিস্তার লাভ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এসআর