নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ রাহিম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম মো. রাহিম (২১)। তিনি গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেগমগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল।
এরই অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে যানবাহন তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেলে থাকা রাহিমকে থামানো হয়।
তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ আরও বিস্তারিত অনুসন্ধান চালায়। একপর্যায়ে তার শরীরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ সময় ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জানান, সন্দেহজনক গতিবিধির কারণে ওই যুবককে তল্লাশি করা হয়।
পরে তার কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর