চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের দিকনির্দেশনায় এবং তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল হকের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গোপন তথ্যের ভিত্তিতে কান্দিরপাড় এলাকার একটি স্থানে অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. ইব্রাহিম (৩২), তিনি উপজেলার সাচার ইউনিয়নের কান্দিরপাড় এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ।
এসআর