ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে চারজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
সোমবার (৮ জুন) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসটি মহাসড়ক দিয়ে চলার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর যানটি সড়ক ছেড়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে সহযোগিতা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চারজন নিহত হন। এছাড়া একাধিক যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআর