ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে এখনো কিছুদিন বাকি থাকলেও বরিশালের দ্বীপ উপজেলা
মেহেন্দীগঞ্জে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে জমজমাট ফুটবল উন্মাদনা। চায়ের দোকান, বাজার, ঘাট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চলছে জমজমাট তর্ক-বিতর্ক।
তবে মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল স্থান এবং বিশেষ করে উলানিয়া লঞ্চঘাট ছেয়ে গেছে আর্জেন্টিনার শত শত আকাশি-সাদা পতাকায়। এই ব্যতিক্রমী সাজসজ্জার কারণে পুরো এলাকাটি যেন এখন এক টুকরো ‘আর্জেন্টিনা নগরীতে’ পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে উলানিয়া লঞ্চঘাটের যাত্রী চলাচলের সিঁড়ির দুই পাশে সারিবদ্ধভাবে টানানো অসংখ্য পতাকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সেখানে প্রতিদিন শত শত ফুটবলপ্রেমী ও দর্শনার্থী ভিড় করছেন।
কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিও ধারণ করে শেয়ার করছেন। স্থানীয় আর্জেন্টাইন সমর্থক রাজিব ও শিক্ষার্থী ফাইজা মীম জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা এবং লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে ঘিরে তাদের আবেগ ও উন্মাদনা এবার অনেক বেশি; গতবারের মতো এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে তারা আশাবাদী।
অন্যদিকে, ব্রাজিলের সমর্থকরাও তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তবে মেহেন্দীগঞ্জে বর্তমানে আর্জেন্টিনার পতাকার আধিক্যই বেশি দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উৎসবমুখর পরিবেশ এলাকার মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
এসআর